BYD-র হাইপারকারের ভয়াবহ দুর্ঘটনা

ছবিঃ CarNewsChina

বিশ্বের দ্রুততম উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি তৈরির পথে বড়সড় ধাক্কা খেয়েছে BYD। চীনে উচ্চগতির পরীক্ষার সময় দুর্ঘটনার শিকার হয়েছে তাদের ২,৯৭৭ হর্সপাওয়ারের Yangwang U9 Xtreme।

২ নভেম্বর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাকবলিত হাইপারকারটির ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। CarNewsChina-র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বন্ধ পরীক্ষামূলক ট্র্যাকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিয়ারে সজোরে ধাক্কা খায়। এবং সংঘর্ষের ফলে গাড়িটির সম্পূর্ণ পেছনের অ্যাক্সেল অ্যাসেম্বলি খুলে ছিটকে পড়ে।

দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল কিংবা কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা BYD এখনও জানায়নি। সংঘর্ষের ভয়াবহতা সত্ত্বেও চালক গুরুতর কোনো আঘাত পাননি। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, তাঁকে কারও সাহায্য ছাড়াই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। ছবিতে গাড়িটির সামনের ও পেছনের বডিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেলেও মোটামুটি অক্ষত ছিল যাত্রীদের বসার অংশটি। ব্যাটারিতে আগুন লাগারও তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

U9 Xtreme-এর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে যাত্রীদের বসার জায়গায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। BYD-র দাবি, স্ট্যান্ডার্ড U9-এ রয়েছে "Super Carbon-Fiber Cabin"। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গাড়ির কাঠামোগত দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি দুর্ঘটনার সময় যাত্রীদের সুরক্ষাও নিশ্চিত করে।

Yangwang U9 Xtreme মডেলটি BYD-র ইলেকট্রিক সুপারকারের চূড়ান্ত পারফরম্যান্স সংস্করণ। ২০২৫ সালের সেপ্টেম্বরে গাড়িটি ঘণ্টায় ৩০৮.৩ মাইল (৪৯৬.২২ কিমি) গতি তুলেছিল। এর মাধ্যমে এটি বিশ্বের দ্রুততম উৎপাদিত ইলেকট্রিক গাড়ির স্বীকৃতি পায়।

গাড়িটির চারটি ইলেকট্রিক মোটর সম্মিলিতভাবে ২,৯৭৭ হর্সপাওয়ার উৎপাদন করে। এর সঙ্গে রয়েছে ১,২০০-ভোল্টের বৈদ্যুতিক স্থাপত্য এবং ৮০.০ kWh ব্যাটারি প্যাক, ট্র্যাকে ব্যবহারের উপযোগী সেমি-স্লিক টায়ার এবং ব্যাপকভাবে পরিবর্তিত BYD-র DiSus-X সাসপেনশন ব্যবস্থার সংস্করণ।

BYD-র চার মোটরবিশিষ্ট e4 প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি চাকায় আলাদাভাবে টর্ক নিয়ন্ত্রণ করা যায়। একই প্রযুক্তির মৌলিক সংস্করণ স্ট্যান্ডার্ড U9-কে বেশ কিছু অস্বাভাবিক ক্ষমতা দিয়েছে। এর মধ্যে রয়েছে লাফ দেওয়া, এমনকি "নাচার" ক্ষমতাও। তবে Xtreme সংস্করণে এসব কসরতের বদলে উচ্চগতিতে চলা এবং কঠিন বাঁকে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ব্যবস্থাটিকে নতুন করে টিউন করা হয়েছে।

BYD আগেই নিশ্চিত করেছিল, আরেকটি উচ্চগতির পরীক্ষার জন্য U9 Xtreme-কে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য ছিল নিজেদের আগের ঘণ্টায় ৩০৮.৩ মাইল গতির রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত ৩১১ মাইল (৫০০ কিমি) গতির সীমা অতিক্রম করা।

এই দুর্ঘটনার পর সেই প্রচেষ্টা কবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে BYD এখনও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি।

Previous
Previous

Karma-র ১,১৯৫ HP হাইব্রিড দানব

Next
Next

Corolla-কে ‘বোরিং’ বলল BMW