Rolls-Royce-এর সাথে টক্কর দিতে চায় BYD

ছবিঃ BYD

সাধারণের গাড়ির দুনিয়ায় আধিপত্য বিস্তারের পর এবার Rolls-Royce ও Bentley-র বাজারে নজর দিয়েছে BYD।

প্রতিষ্ঠানটির বিলাসবহুল ব্র্যান্ড Yangwang বাজারে আনতে যাচ্ছে Altior নামের একটি ফ্ল্যাগশিপ সেডান, যার লক্ষ্য বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা।

গাড়িটি এতদিন শুধু অভ্যন্তরীণ কোডনেম “HU” নামে পরিচিত ছিল। আগামী ৫ নভেম্বর দুবাইয়ে প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচন করা হবে সেডানটি। Yangwang-এর জেনারেল ম্যানেজার Hu Xiaoqing জানিয়েছেন, নামটি Yangwang-এর বিলাসবহুল গাড়ির বাজারে আরও উঁচুতে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। “Altior” শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে, যার অর্থ “আরও উঁচু”। ব্র্যান্ডটির গাড়ির তালিকায় এটি U8 SUV ও U9 সুপারকারের ওপরে অবস্থান করবে।

এখন পর্যন্ত BYD গাড়িটির শুধু একটি টিজার ছবি ও ছোট একটি ভিডিও প্রকাশ করেছে । সেখানে দেখা গেছে ছাদের ওপর বসানো lidar সেন্সর, বড় ক্রোমের চাকা এবং পেছনের দিকে কবজাযুক্ত দরজা (Sucide doors)। শেষোক্ত দরজা বিলাসবহুল গাড়িতে প্রচলিত ঐতিহ্যবাহী কোচ-ডোর নকশার অংশ। গাড়িটির সম্মুখভাগে Yangwang U8 SUV-এর প্রভাব স্পষ্ট।

দুবাইকে বেছে নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। Rolls-Royce-এর অন্যতম শক্তিশালী বাজার হলো মধ্যপ্রাচ্য। চীনের পাশাপাশি ইউরোপে বৃহত্তর পরিসরে গাড়িটি বাজারজাত করার আগে প্রতিষ্ঠিত বিলাসবহুল প্রতিদ্বন্দ্বীদের সামনে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ তুলে ধরতে চায় BYD।

চীনের বাজারে গাড়িটির নাম হবে Dingyao, আর আন্তর্জাতিক বাজারে এটি পরিচিত হবে Altior নামে। চীনা ও মালয়েশীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে Rolls-Royce Ghost, Mercedes-Maybach S-Class এবং Huawei ও JAC-এর যৌথ উদ্যোগে তৈরি বিলাসবহুল সেডান Maextro S800।

২০২৩ সালের দিকে U8 SUV ও U9 সুপারকারের মাধ্যমে অতি-বিলাসবহুল গাড়ির বাজারে প্রবেশ করে Yangwang। চীনা নির্মাতারা যে বাজারের একেবারে শীর্ষ স্তরেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, Altior তা প্রমাণের পরবর্তী প্রচেষ্টা। এই পর্যায়ের ক্রেতারা শুধু ফিচারের দীর্ঘ তালিকা কিংবা চোখধাঁধানো দাম দেখে সন্তুষ্ট হন না; তাদের প্রত্যাশা আরও অনেক বেশি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সেডানটির দৈর্ঘ্য ৫,৫০০ মিলিমিটার (২১৭ ইঞ্চি) এবং হুইলবেস ৩,৩৫০ মিলিমিটার (১৩০ ইঞ্চি)। সে হিসাবে এটি একটি স্ট্যান্ডার্ড-হুইলবেস Rolls-Royce Ghost-এর চেয়ে সামান্য ছোট। গাড়িটির সম্ভাব্য দাম প্রায় ২০ লাখ ইউয়ান, অর্থাৎ আনুমানিক ৩ লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৭৫ লাখ টাকা। তবে BYD এখনো দাম নিশ্চিত করেনি। তথ্যটি সঠিক হলে, গাড়িটি দীর্ঘ হুইলবেসের Ghost সংস্করণ এবং উচ্চ স্পেসিফিকেশনের Mercedes-Maybach S-Class মডেলগুলোর সঙ্গে একই দামের পরিসরে পড়বে।

গাড়িটির যান্ত্রিক বৈশিষ্ট্য এখনো রহস্যই রয়ে গেছে। BYD নিশ্চিত করেনি এর মোটর কত শক্তি উৎপাদন করবে, ব্যাটারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে, কিংবা U8-এর সঙ্গে সম্পর্কিত কোনো হাইব্রিড ব্যবস্থা থাকবে নাকি সম্পূর্ণ নতুন পাওয়ারট্রেন ব্যবহার করা হবে। দুবাইতে উন্মোচনের পর চূড়ান্ত স্পেসিফিকেশন, ট্রিম ও দাম প্রকাশ করা হবে।

Altior সত্যিই Rolls-Royce ও Bentley-র মতো ঐতিহ্যবাহী ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি না, তা এখনো দেখার বিষয়। এই ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই নিজেদের বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা পুনর্মূল্যায়ন কিংবা সীমিত করতে বাধ্য হয়েছে। কারণ, ধনী ক্রেতারা এখনো প্রচলিত ইঞ্জিনই পছন্দ করেন। তবে Rolls-Royce-এর নতুন বৈদ্যুতিক Spectre কমবয়সী ক্রেতাদের আকৃষ্ট করেছে। নকশা, প্রযুক্তি ও সামাজিক মর্যাদার সঠিক সমন্বয় দিতে পারলে চীনা বিকল্প বিবেচনা করার মতো ক্রেতা পাওয়া যেতে পারে।

BYD-এর আসল চ্যালেঞ্জ এখানেই। ৩ কোটি ৭৫ লাখ টাকা দামের গাড়ি তৈরি করা এক বিষয়, আর ক্রেতাদের বোঝানো গাড়িটি Rolls-Royce-এর সঙ্গে পাল্লা দেবার যোগ্য, তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিলাসবহুল গাড়ির পরিচিতি শুধু প্রকৌশলনির্ভর নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য ও সুনামও। বড় ব্যাটারি আর কয়েকটি ক্রোমের চাকা দিয়ে রাতারাতি এই দুটো অর্জন করা যায় না।

বাংলাদেশের জন্য আরও কৌতূহলোদ্দীপক প্রশ্ন হলো, Altior দেশে আসবে কি না। দেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি Rolls-Royce Spectre চলে এশেছে। পাশাপাশি আসছে চীনা বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত নির্মাতা Hongqi। ঢাকার রাস্তায় কয়েকটি Altior দেখা গেলে গাড়িগুলোর মধ্যে তুলনা করার দারুণ সুযোগ তৈরি হবে।

Previous
Previous

ইঞ্জিন বিক্রি করতে চায় Toyota

Next
Next

নিলামে উঠছে Tony Stark-এর Acura NSX