৪০০ হর্সপাওয়ারের রেট্রো Z বানাল Nissan

ছবিঃ Nissan

পুরোনো Datsun 240Z-এর শরীরে আধুনিক Nissan Z-এর ইঞ্জিন ও গিয়ারবক্স বসালে কেমন হবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হাত গুটিয়ে বসে থাকেনি Nissan। সরাসরি গাড়িটিই তৈরি করে ফেলেছে জাপানি প্রতিষ্ঠানটি।

আগামী ৩ থেকে ৬ নভেম্বর Las Vegas-এ অনুষ্ঠিতব্য ২০২৬ SEMA Show-তে দেখা যাবে Datsun S30 Concept-টিকে। Formula Drift চ্যাম্পিয়ন Chris Forsberg-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই প্রকল্পে পুরোনো 240Z-এর আইকনিক S30 বডির সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান Nissan Z-এর টুইন-টার্বো V6 ইঞ্জিন ও ছয় স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

Nissan-এর মতে, এই প্রকল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে, পুরোনো ও নতুন Z-এর মধ্যে নামের বাইরেও কতটা মিল রয়েছে।

বনেটের নিচে রয়েছে Nissan-এর VR30DDTT ৩.০ লিটার টুইন-টার্বো V6 ইঞ্জিন। স্ট্যান্ডার্ড Nissan Z-তে এই ইঞ্জিন ৪০০ হর্সপাওয়ার উৎপন্ন করে। তবে S30 Concept-এ যুক্ত হয়েছে Garrett PMAX টার্বোচার্জার, Nismo Cold-air intake এবং Nismo Heat exchanger। গাড়িটির চূড়ান্ত পাওয়ার আউটপুট প্রকাশ করেনি Nissan। ফলে পরিবর্তিত ইঞ্জিন ঠিক কত হর্সপাওয়ার উৎপন্ন করে, তা আপাতত অজানা।

ইঞ্জিনের শক্তি পেছনের চাকায় পৌঁছাবে Nissan Z-এর FS6 ছয় স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে। গিয়ারবক্সে যুক্ত হয়েছে Nismo twin-disc clutch ও flywheel। শক্তি ঠিকভাবে মাটিতে পাঠানোর দায়িত্বে আছে Nismo R200 limited-slip differential। দীর্ঘ সময় ধরে উচ্চ বুস্টে ইঞ্জিন চালানোর উপযোগী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে Radium Engineering-এর ১০-গ্যালন fuel cell এবং DeatschWerks-এর প্রতি ঘণ্টায় ৪৫০ লিটার জ্বালানি সরবরাহে সক্ষম fuel pump।

গাড়িটির বাইরের নকশায় মূল S30-এর পরিচিত অবয়ব ধরে রাখা হলেও বেশ কিছু অংশ নতুন করে তৈরি করা হয়েছে। ওজন কমাতে সামনের ফেন্ডার, বনেট, air dam, বাম্পার, পেছনের hatch এবং spoiler—সবই কার্বন ফাইবার দিয়ে তৈরি। পুরো গাড়িটি রাঙানো হয়েছে Nissan Seiran Blue রং দিয়ে, সঙ্গে রয়েছে Nismo-র ৪০তম বার্ষিকীর বিশেষ ডেকাল।

চ্যাসিসের কাজেও কোনো কমতি রাখেনি নির্মাতারা। Techno Toy Tuning সরবরাহ করেছে coilover, সামনের ও পেছনের control arm, anti-roll bar এবং strut tower bar। এর সঙ্গে রয়েছে Evolved front crossmember, Ultimate steering rack ও billet tie rod।

ব্রেকিংয়ের দায়িত্বে আছে Wilwood-এর যন্ত্রাংশ। সামনে ব্যবহার করা হয়েছে ছয়-পিস্টনের FNSL6R caliper এবং ৩০০ মিলিমিটারের two-piece rotor। পেছনে রয়েছে চার-পিস্টনের caliper ও ২৮০ মিলিমিটারের rotor। গাড়িটি দাঁড়িয়ে আছে ১৭ x ৯ ইঞ্চি মাপের forged Nismo LM-RS6 wheel-এর ওপর।

Chris Forsberg-এর সম্পৃক্ততা প্রকল্পটিকে Nissan-এর drifting ইতিহাসের সঙ্গেও যুক্ত করেছে। এর আগেও একই ধরনের চিন্তা নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ছিল T-Top Z concept। তবে এবার Nissan জানিয়েছে, Datsun S30 Concept-টি শুধু মোটর শোতে প্রদর্শনের জন্য বানানো শোপিস নয়। বরং গাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে রাস্তায় বা ট্র্যাকে জোরেশোরে চালানো যায়।

SEMA Show-তে Nissan-এর স্ট্যান্ডে এটিই একমাত্র আকর্ষণ হবে না। সেখানে প্রতিষ্ঠানটি আরও প্রদর্শন করবে Project NAT2 Z race car এবং নতুন করে তৈরি Sentra Spec V concept-টি ।

বলা বাহুল্য , এটি একটিমাত্র গাড়ি হয়েই থাকবে। আধুনিক দুর্ঘটনা-নিরাপত্তা মান পূরণ করা এর পক্ষে অসম্ভব , আর নির্গমনসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার বিষয়টিও বেশ প্রশ্নবিদ্ধ। তবে এসব নিয়ে Nissan-এর খুব একটা মাথাব্যথা আছে বলে মনে হয় না। প্রতিষ্ঠানটি কেবল একটি ক্লাসিক 240Z-এর শরীরে আধুনিক টুইন-টার্বো V6 ও ম্যানুয়াল গিয়ারবক্স বসালে কেমন হবে, সেই প্রশ্নটির উত্তর দিয়েছে। কখনো কখনো এতটুকুই যথেষ্ট।

আর্থিক সংকটে থাকলেও Nissan তাদের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং গাড়ি চালানোর আনন্দকে নতুন করে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। এখন শুধু আশা, এই আর্থিক ঝড় সামলে প্রতিষ্ঠানটি যেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পায়।

Previous
Previous

Toyota-র নতুন হাইব্রিডে ১৫% জ্বালানি সাশ্রয়

Next
Next

মুনাফা সংকটে চীনের গাড়িবাজার