ছবিঃ BMW
ইউরোপজুড়ে কর্মী ছাঁটাইয়ের পর এবার নিজেদের সবচেয়ে বড় বাজারের দিকে নজর দিয়েছে BMW।
খবরে বলা হচ্ছে, ২০২৬ সালের ২ নভেম্বর থেকে BMW China প্রায় ১,৮০০ কর্মী ছাঁটাই শুরু করেছে। এতে প্রভাবিত হচ্ছে BMW Brilliance Automotive (BBA)-এর মোট কর্মীর প্রায় ১০ শতাংশ।
২০০৩ সালের মে মাসে BMW Group ও Brilliance Group-এর যৌথ উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল BBA। বর্তমানে প্রতিষ্ঠানটির ৭৫ শতাংশ মালিকানা BMW-এর হাতে, বাকি ২৫ শতাংশ Brilliance-এর। Liaoning Province-এর Shenyang-এ সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানটি চীনে গবেষণা ও উন্নয়ন, যন্ত্রাংশ সংগ্রহ, গাড়ি উৎপাদন ও বিক্রি এবং বিক্রয়-পরবর্তী সেবার দায়িত্ব সামলায়। Shenyang-এ তাদের উৎপাদনকেন্দ্রটি BMW Group-এর বিশ্বজুড়ে থাকা কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বড়।
এই কারখানায় দীর্ঘ হুইলবেসের 5 Series, সম্পূর্ণ বৈদ্যুতিক i5, 3 Series, X1, X3 এবং X5-সহ বিভিন্ন মডেল তৈরি হয়। ভবিষ্যতে এখানে Neue Klasse সিরিজের iX3 ও i3-ও উৎপাদন করা হবে।
AI4Robo-এর প্রতিবেদন অনুযায়ী, একাধিক কর্মী এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। উৎপাদন লাইনে কাজ করা P-grade কর্মী এবং প্রশাসনিক বিভাগের G-grade কর্মী—দুই পক্ষই এই ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। অধিকাংশ ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে Shenyang-এ BBA-এর সদর দপ্তরের উৎপাদন বিভাগের সামনের সারির কর্মীদের মধ্যে। তিন থেকে পাঁচ বছর ধরে কাজ করা কর্মী, দীর্ঘদিনের কর্মী এবং সামনের সারির ব্যবস্থাপকরাও এর শিকার হয়েছেন।
ছবিঃ BMW Brilliance
খবরে আরও বলা হয়েছে, BMW কর্মীদের “N+5” সূত্র অনুযায়ী ক্ষতিপূরণের প্রস্তাব দিচ্ছে। এখানে “N” হিসাব করা হচ্ছে একজন কর্মীর কর-পূর্ব মাসিক বেতনের ভিত্তিতে। আর অতিরিক্ত “5” হিসাব করা হচ্ছে তাঁর মূল বেতনের ভিত্তিতে, যেখানে performance bonus অন্তর্ভুক্ত নয়।
চীনে এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে BMW এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। একই সঙ্গে এটি বৃহত্তর বৈশ্বিক পুনর্গঠনের অংশ কি না, সেটিও জানানো হয়নি। গত প্রায় তিন বছর ধরে নতুন কর্মী নিয়োগ কমানো এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করার ধারাবাহিকতায় এই ছাঁটাইয়ের ঘটনা ঘটল।
বিশ্বজুড়েও প্রায় ৮,০০০ কর্মী কমানোর পরিকল্পনা করছে BMW, যা প্রতিষ্ঠানটির মোট ১,৫৪,০০০ কর্মীর প্রায় ৫ শতাংশ। তবে অঞ্চলভেদে ছাঁটাইয়ের পদ্ধতি আলাদা। জার্মানিতে পুনর্গঠনের মূল লক্ষ্য প্রশাসনিক বিভাগ, গবেষণা ও উন্নয়ন এবং প্রকল্প পরিকল্পনার দায়িত্বে থাকা কর্মীরা। সেখানে BMW স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিল, যাতে ব্যাপক সাড়া পাওয়া যায়। মাত্র তিন দিনের মধ্যে প্রায় ৫,০০০টি আবেদনের সুযোগ পূর্ণ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই আবেদন গ্রহণের ওয়েবসাইট বন্ধ করে দিতে হয়।
BMW যখন আর্থিক চাপের মুখে পড়ছে, ঠিক সেই সময়েই এই কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রুপটির কর-পূর্ব মুনাফা কমেছে ২৯.৪ শতাংশ। অন্যদিকে, গাড়ি বিভাগের EBIT margin নেমে এসেছে ৩.৬ শতাংশে। BMW-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য ৮ থেকে ১০ শতাংশের তুলনায় এই হার অনেক কম। ২০২৬ সালের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে গাড়ি সরবরাহও ৪.৯ শতাংশ কমে প্রায় ১৭.১ লাখে দাঁড়িয়েছে।
চীনের বাজারে পরিস্থিতি আরও কঠিন। ২০২৬ সালের প্রথম নয় মাসে সেখানে BMW ও Mini-এর গাড়ি সরবরাহ ২১.৮ শতাংশ কমে প্রায় ৩ লাখ ৭৬ হাজারে নেমেছে। BMW-এর বৈশ্বিক বিক্রিতে চীনের অংশও ২০২৩ সালের ৩২.৩ শতাংশ থেকে ২০২৫ সালে ২৫.৪ শতাংশে নেমে এসেছে।
বহু বছর ধরে চীন ছিল জার্মানির প্রিমিয়াম গাড়ি নির্মাতাদের জন্য সহজে অর্থ আয়ের বাজার। BMW, Mercedes-Benz এবং Audi, এমনকি একসময় Porsche-সহ জার্মানির এই ব্র্যান্ডগুলো চীনের বাজারে দীর্ঘ হুইলবেসের সেডান এবং প্রযুক্তিতে ঠাসা আভিজাত্যের প্রতীক গাড়ির চাহিদার ওপর ভর করে নিজেদের বৈশ্বিক ব্যবসা বাড়িয়েছে।
কিন্তু সেই সহজ দিন এখন শেষ। চীনের গাড়ির বাজার দ্রুত বদলে গেছে। স্থানীয় নির্মাতারা এখন আরও শক্তিশালী এবং প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে। আর তার সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে জার্মানির ব্র্যান্ডগুলো।
ইউরোপজুড়ে কর্মী ছাঁটাইয়ের পর এবার নিজেদের সবচেয়ে বড় বাজারের দিকে নজর দিয়েছে BMW।