গাড়িতে পা ধোয়ার ব্যবস্থা করছে Deepal

ছবিঃ ইমরান আবিদ

চীনা গাড়ি নির্মাতারা গাড়ির ভেতর ম্যাসাজ সিট, সুগন্ধি ছড়ানোর ব্যবস্থা, এমনকি ফ্রিজও যুক্ত করেছে। তবে Changan-এর মালিকানাধীন ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড Deepal এবার গাড়ির ভেতরের বিলাসিতাকে একেবারে নতুন এবং কিছুটা ভেজা পর্যায়ে নিয়ে যেতে পারে।

প্রতিষ্ঠানটি গাড়িতে ব্যবহারযোগ্য একটি ফুট বাথের পেটেন্ট আবেদন করেছে। CarNewsChina-এর প্রতিবেদন অনুযায়ী, সামনের যাত্রীর আসনের নিচ থেকে টেলিস্কোপিক ব্যবস্থার মাধ্যমে বেরিয়ে আসবে পানির বেসিনটি। পরিষ্কার করার জন্য এটি গাড়ি থেকে খুলেও নেওয়া যাবে। তবে চালক ব্রেক চাপলেই যেন কেবিনের ভেতর পা ধোয়া পানি ছলকে না পড়ে, সে জন্য Deepal এতে যুক্ত করেছে একটি প্রতিরোধী ব্যবস্থা।

পেটেন্টে ব্যবস্থাটির কার্যপ্রণালি বেশ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে:

“এই দুলুনি প্রতিরোধী কাঠামোতে একটি মূল অংশ রয়েছে যা ফুট বাথের তরল রাখার জায়গাকে অন্তত আংশিকভাবে বিভক্ত করে; যেখানে একটি গাইড হোল (নির্দেশিকা ছিদ্র) রাখা হয়েছে, যা মূল অংশের দুই পাশের জায়গার মধ্যে সংযোগ তৈরি করে।”

“মূল অংশটি ফুট বাথের পানির চলাচলে বাধা দিতে পারে। ফলে নির্দিষ্ট জায়গার মধ্যে সীমিত থাকে পানির অতিরিক্ত চলাচল। অন্যদিকে, গাইড হোলের মাধ্যমে মূল অংশের দুই পাশের পানি একে অপরের সঙ্গে ভারসাম্য রক্ষা করে, যা দুই পাশের পানির উচ্চতার পার্থক্য কমিয়ে আনে।”

“এই ব্যবস্থার ফলে যানবাহনের গতিশীলতায় সৃষ্ট কম্পনের কারণে ফুট বাথের ভেতরের পানি ছিটকে পড়ার সম্ভাবনা হ্রাস পায়।”

সহজ কথায়, পা ধোয়া পর্বটি যেন চলন্ত ওয়েভ পুলে পরিণত না হয়, তা নিশ্চিত করতে Deepal প্রচুর চিন্তাভাবনা করেছে। তবে মনে রাখতে হবে, পেটেন্টের সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটি কেবল ধারণাটি বোঝানোর জন্য তৈরি একটি চিত্র। এটি বাস্তব কোনো উৎপাদন মডেলের নকশা নয়।

চীনা গাড়ি নির্মাতারা যাত্রীদের বিলাসিতা বাড়াতে ক্রমেই অদ্ভুত সব প্রযুক্তি উদ্ভাবন করছে। এসব প্রযুক্তির মূল লক্ষ্য পেছনের আসনে বসা যাত্রীরা। কিছু গাড়িতে পেছনের যাত্রীরা সামনের যাত্রীর আসন নিয়ন্ত্রণ করতে পারে। অন্য কিছু মডেলে রয়েছে ম্যাসাজ সুবিধাসহ কাফ রেস্ট। আবার কোনো কোনো গাড়িতে সামনের আসনের একটি অংশ ভাঁজ করে পেছনের যাত্রীরা পা ছড়িয়ে আরাম করে হেলান দিতে পারেন।

উল্লেখ্য, উৎপাদিত কোনো গাড়িতে এখন পর্যন্ত কোনো প্রকার ফুট বাথের ব্যবস্থা প্রবর্তন করা হয়নি। ২০২২ সালে Chery একই ধরনের একটি পেটেন্ট আবেদন করেছিল। সেখানে ছিল পানি গরম করা, ম্যাসাজ এবং ব্যবহৃত পানি নিষ্কাশনের ব্যবস্থা। তবে সেটিও এখনও কোনো উৎপাদন মডেলে দেখা যায়নি।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। পেটেন্ট নেওয়া মানে এই নয় যে ফিচারটি শেষ পর্যন্ত শো-রুমে পৌঁছাবে। ২০১৮ সালে Toyota গাড়ি থেকে টিয়ার গ্যাস ছড়ানোর যন্ত্রের পেটেন্ট করেছিল। ২০১৯ সালে General Motors পেটেন্ট করেছিল গাড়ির মেঝেতে ম্যাসাজের ব্যবস্থা। আর ২০২৩ সালে Ford পেটেন্ট করেছিল গাড়ির যাত্রীদের কথাবার্তায় আড়ি পাতার প্রযুক্তি। সৌভাগ্যবশত, এসব পেটেন্টের কোনোটিই বাণিজ্যিক রূপ পায়নি।

Deepal পেটেন্টে তাদের এই অদ্ভুত উদ্ভাবনের পেছনের যুক্তিও দিয়েছে:

“গাড়ির আরামদায়ক ফিচারগুলোর ক্রমাগত উন্নতির ফলে গাড়ি এখন আর কেবলই যাত্রীদের যাতায়াতের চাহিদা পূরণের মাধ্যম নয়। বরং ধীরে ধীরে বিশ্রাম, যত্ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার চাহিদাও পূরণ করতে শুরু করেছে,” পেটেন্টের বিবরণে বলা হয়েছে।

“দূরপাল্লার ভ্রমণের সময় যাত্রীদের পা দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে একটি নির্দিষ্ট ভঙ্গিতে থাকে, যা সহজেই ব্যথা, ক্লান্তি এবং এই ধরনের অস্বস্তির দিকে নিয়ে যেতে পারে।”

ছবিঃ Deepal

চীনা নির্মাতাদের মধ্যে নিজেদের গাড়িকে অন্যদের থেকে আলাদা করে তুলতে ফিচার যোগ করার যে প্রতিযোগিতা চলছে, এটি তারই অংশ। আর মজার ব্যাপার হচ্ছে, এই ফুট বাথই সেই প্রযুক্তির দৌড়ের সবচেয়ে অদ্ভুত উদাহরণ নয়। কিছুদিন আগে Rox Motor গাড়ির সেন্টার কনসোলের মাঝে একটি টয়লেটের পেটেন্টের আবেদন করেছিল। অন্যদিকে, Seres-এর পেটেন্ট আবেদন ছিল যাত্রীর আসনের নিচে বসানো টয়লেটের।

বলা বাহুল্য, Deepal-এর এই ফুট বাথের উৎপাদনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের শোরুমে আসার সম্ভাবনা, আরো কম। যদিও আমরা সবাই কিছু সহযাত্রীদের চিনি, যাদের জন্য দীর্ঘযাত্রায় এই প্রযুক্তিটি ব্যবহার রীতিমত বাধ্যতামূলক।

Previous
Previous

কারখানায় গাড়ি ভাঙছে Volkswagen

Next
Next

Audi RS5-কে ৭০৯ হর্সপাওয়ার দানবে পরিণত করল Abt