বিদায়ের পথে Tesla Cybertruck

ছবিঃ Tesla

Tesla-র স্টেইনলেস স্টিলের গোঁজাকৃতির পিকআপটি সম্ভবত শীঘ্রই অবসরে যেতে চলেছে।

২০২৭ সালের মাঝামাঝি সময়ে Texas-এর Gigafactory-তে Cybertruck উৎপাদন ধীরে ধীরে বন্ধ করবে Tesla। এর বদলে সেখানে করা হবে আরও বেশি Cybercab রোবোট্যাক্সি তৈরির জায়গা।

গত ৬ নভেম্বর X-এ এই ঘোষণা দেন Elon Musk। তবে Cybertruck-এর উৎপাদন অন্য কোনো কারখানায় সরিয়ে নেওয়া হবে, নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তাঁর পোস্টে লেখা ছিল:

“আগামী বছরের মাঝামাঝি সময়ে Texas-এর Gigafactory-তে Cybertruck উৎপাদন ধীরে ধীরে বন্ধ করবে Tesla, যাতে আরও বেশি Cybercab উৎপাদনের জন্য জায়গা তৈরি করা যায়।”

পিকআপটির জন্য অন্য কোনো উৎপাদনকেন্দ্রের নাম এখনো ঘোষণা করেনি Tesla। ফলে অন্য কোথাও উৎপাদন চালিয়ে যাওয়ার সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একসময় যে গাড়িটি কোম্পানির মডেল লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল, এই ঘোষণা সেই গাড়ির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

২০১৯ সালের নভেম্বরে উন্মোচিত Cybertruck-এর কোণাকৃতির স্টেইনলেস স্টিলের বডি ছিল প্রচলিত পিকআপের থেকে সম্পূর্ণ আলাদা। বছরের পর বছর বিলম্বের পর ২০২৩ সালের নভেম্বরে ক্রেতাদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। Tesla শুরুতে এর প্রারম্ভিক দাম ৩৯,৯০০ মার্কিন ডলার (প্রায় ৪৯ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা) নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরবরাহ শুরু হওয়ার সময় সবচেয়ে সস্তা সংস্করণটির দামও অনেক বেশি হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার দাম পরিবর্তনের ফলে ক্রেতাদের জন্য গাড়িটির ক্রয়মূল্যেরগ্রহণযোগ্যতা আরও কঠিন হয়ে পড়ে।

শুরুতে বছরে ২,৫০,০০০ ইউনিট Cybertruck তৈরির লক্ষ্য নির্ধারণ করেছিল Tesla। বাস্তব চিত্র অবশ্য সম্পূর্ণ ভিন্ন। Kelley Blue Book-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে মাত্র ১১,৫৮৬টি Cybertruck। ২০২৫ সালের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ২৮%। Car and Driver-এর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত গাড়িটির মোট বিক্রি ৭১,০০০ ইউনিটের সামান্য নিচে।

পিকআপটি একাধিকবার রিকল এবং মান নিয়ন্ত্রণসংক্রান্ত অভিযোগের মুখোমুখিও হয়েছে। এর বিতর্কিত নকশা একদল অনুগত সমর্থক তৈরি করলেও প্রচলিত পিকআপ ক্রেতাদের বড় একটি অংশকে দূরে সরিয়ে রেখেছে। এতটা অপ্রচলিত একটি গাড়ি তৈরির সাহস দেখানোর জন্য Tesla প্রশংসা পেতেই পারে। তবে সংবাদ শিরোনাম তৈরি করা আর ধারাবাহিকভাবে ভালো বিক্রি ধরে রাখা এক বিষয় নয়।

কারখানার জায়গাটি এখন Cybercab তৈরিতে ব্যবহার করা হবে। এটি দুই আসনের একটি বিশেষ স্বয়ংক্রিয় গাড়ি, যা রোবোট্যাক্সি হিসেবে চলার জন্য তৈরি। এতে নেই কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল। ইলেকট্রিক গাড়ি নির্মাণের গণ্ডি পেরিয়ে স্বয়ংক্রিয় পরিবহনব্যবস্থার দিকে Tesla-কে নিয়ে যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা Musk-এর রয়েছে, তারই প্রতিফলন এই গাড়ি।

Tesla ঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরিকল্পনা কার্যকর হলে, বাজারে আসার পর মাত্র চার বছরের মাথায় বন্ধ হয়ে যাবে Cybertruck উৎপাদন। মূলত উচ্চমূল্য, অস্বাভাবিক নকশা এবং বাজারে সীমিত চাহিদার কারণেই Must-এর প্রত্যাশিত উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছানো গাড়িটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

সম্ভাব্য Cybertruck অবসরের আগে Model S ও Model X-এর উৎপাদন বন্ধের সিদ্ধান্তও এসেছিল। বহুল পছন্দের এই দুটি মডেলের জায়গায় Optimus রোবট তৈরির পরিকল্পনা করেছে Tesla। ফলে স্বয়ংক্রিয় গাড়ি চালনা ও রোবোটিকসের দিকে মনোযোগ সরানোর সঙ্গে সঙ্গে কোম্পানিটির গাড়ির মডেল লাইনআপও ক্রমশ ছোট হয়ে আসছে।

যে প্রতিষ্ঠানটি একসময় বাজারে বৈচিত্র্যময় ইলেকট্রিক গাড়ির লাইনআপ আনার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল, তাদের জন্য এই রূপান্তর নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। তবে বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় করে তোলার যে মূল লক্ষ্য Tesla-র ছিল, সেই কাজে তারা সফল হয়েছে। আজ বিশ্বজুড়ে বাকি সব মূলধারার গাড়ি নির্মাতারা ধরে Tesla-র এই অগ্রযাত্রার সঙ্গে তাল মেলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

Tesla ভক্তদের জন্য এখন শেষ আশার আলো দীর্ঘ ৯ বছর ধরে বিলম্বিত হওয়া দ্বিতীয় প্রজন্মের Tesla Roadster। আভাস মিলছে, গাড়িটি অবশেষে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রায় প্রস্তুত। তবে Tesla-র পূর্বের প্রতিশ্রুতি পূরণের রেকর্ড যদি বিবেচনা করা হয় তবে এই সময়সীমার উপর ভরসা না করাই ভালো।

Cybertruck-এর এই বিদায় বাজারে ঠিক কতটা প্রভাব ফেলবে, তা এখনো নিশ্চিত নয়। গাড়িটির উৎপাদন বন্ধ হয়ে গেলে Tesla-র ইতিহাসে একটি বিশেষ অধ্যায়ের অবসান ঘটবে। তবে বর্তমান বিক্রির পরিসংখ্যান বলছে, Elon Musk একসময় গাড়িটি নিয়ে যতটা আলোড়ন আশা করেছিলেন, বাস্তবে হয়তো ক্রেতারা তেমন কোনো বড় প্রতিক্রিয়া দেখাবে না।

Previous
Previous

Kia: হারিয়ে যাচ্ছে ড্রাইভিংয়ের আনন্দ

Next
Next

এবার খুলে গেল Jaecoo J5-এর চাকা