ছবিঃ @jakarta.terkini
বিড়ম্বনা কাটছে না Chery-র। মালয়েশিয়াতে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল খুলে যাওয়ার ঘটনার রেশ না কাটতেই তাদের আরেকটি গাড়ি চাকা হারিয়ে শিরোনাম হয়েছে। মুশকিল হলো, এবার দোষটি দৃশ্যত তাদের নয়।
CarNewsChina-র দেওয়া তথ্য অনুযায়ী, এবার ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার Jakarta-তে একটি Jaecoo J5 EV-এর সঙ্গে, গত ৪ নভেম্বর, স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে Central Jakarta-র Tanah Abang এলাকার Karet Tengsin-এ Jalan KH Mas Mansyur সড়কে।
ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি J5 EV উঁচু কংক্রিটের ডিভাইডারের পাশে পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের নিরাপত্তা ব্যারিয়ার। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়িটির সামনের ডানপাশের চাকার অ্যাসেম্বলি। রাস্তায় ছড়িয়ে ছিল সাসপেনশনের বিভিন্ন যন্ত্রাংশ এবং সামনের বাম্পারের একটি অংশ।
ইন্দোনেশিয়ার কিছু প্রাথমিক প্রতিবেদনে খুলে যাওয়া চাকাটিকে ডান পাশের পেছনের চাকা বলে উল্লেখ করা হয়েছিল। পরে Jaecoo নিশ্চিত করে, সেটি ছিল সামনের ডান পাশের চাকার অ্যাসেম্বলি।
ঘটনাটি দ্রুত সবার নজর কাড়ে। কিছুদিন আগে মালয়েশিয়াতে পৃথক কয়েকটি Omoda 5-এর পেছনের অ্যাক্সেল খুলে যাওয়ার ঘটনার পর Chery Group-এর গাড়ির মান নিয়ে এমনিতেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে Jaecoo Indonesia-র দাবি, Jakarta-র ঘটনাটি কোনো উৎপাদনগত ত্রুটির কারণে নয়, বরং সংঘর্ষের ফলেই ঘটেছে।
গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের পর সেটি পরীক্ষা করতে একটি কারিগরি দল পাঠায় প্রতিষ্ঠানটি। Jaecoo-র ভাষ্য অনুযায়ী, চাকা খুলে যাওয়ার আগে SUV-টি রাস্তার পাশের কার্ব ও ব্যারিয়ারে আঘাত করেছিল। পরিদর্শনে দেখা যায় গাড়িটির সামনের ডান বাম্পার, সামনের ডান ফেন্ডার এবং সামনের যাত্রীর দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সংঘর্ষের কারণে চাকাটি খুলে গেছে, চাকাটি খুলে যাওয়ার কারণেই সংঘর্ষ ঘটেনি।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, তাদের পরিদর্শনে কোনো উৎপাদনগত ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। গাড়িটির মেরামত এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের বিষয়ে মালিকের সঙ্গে সমন্বয় করছে তাদের বিক্রয়োত্তর সেবা (after-sales) দল। তবে ঘটনাটি নিয়ে কোনো স্বাধীন তদন্তের খবর এখনো পাওয়া যায়নি।
মালয়েশিয়ার Omoda 5-এর ঘটনাগুলোর সঙ্গে তুলনা টানা স্বাভাবিক, তবে দুই ঘটনার পরিস্থিতি এক নয়। প্রতিবেদন অনুযায়ী, J5 EV রাস্তার পাশের অবকাঠামোয় আঘাত করার পর চাকা হারিয়েছে। অন্যদিকে, Omoda 5-এর পেছনের অ্যাক্সেল স্বাভাবিকভাবে চলার সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
ছবিঃ Panggil Aku Naz
মালয়েশিয়ার Road Transport Department (JPJ) ২০২৬ সালের ১১ অক্টোবর Omoda 5-এর Vehicle Type Approval (VTA) সাময়িকভাবে স্থগিত করে। বিষয়টি তদন্তের সময় নতুন গাড়ির নিবন্ধনও বন্ধ রাখা হয়। পরবর্তী সময়ে Chery Omoda 5 C ও H সংস্করণের মোট ৮,৮৭৮টি গাড়ি রিকলের ঘোষণা দেয়। ১৪ অক্টোবর প্রতিষ্ঠানটি নিশ্চিত করে, এই রিকলের আওতায় গাড়িগুলো পরীক্ষা করা হবে এবং ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন করা হবে।
গাড়ির মান নিয়ে তৈরি হওয়া উদ্বেগের কারণে Chery-র চেয়ারম্যান Yin Tongyue প্রকাশ্যে ক্ষমাও চান। ২১ অক্টোবর মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মালয়েশিয়াতে Omoda 5-এর অ্যাক্সেলসংক্রান্ত সমস্যা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৪ সালের মে মাসে সতর্কতামূলক পরীক্ষার জন্য ৬০০টি গাড়ি ডেকে পাঠিয়েছিল Chery। পরে প্রতিষ্ঠানটি শনাক্ত করে, ২০২৩ সালের ১৫ আগস্ট তৈরি একটি ব্যাচের ৬০টি গাড়িতে ত্রুটিপূর্ণ অ্যাক্সেল যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল। Chery-র দাবি, আগের সমস্যাটির কারণ ছিল সঠিকভাবে ক্যালিব্রেট না করা ওয়েল্ডিংয়ের টিপ।
বলা বাহুল্য, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
এত বিতর্কের মধ্যেও ইন্দোনেশিয়াতে J5 EV ভালো বিক্রি হচ্ছে। Antara-র প্রকাশিত Gaikindo-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাড়িটির ২৬,৬৩৫টি পাইকারি সরবরাহ হয়েছে। ওই সময়ে এটি ছিল দেশটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্যাটারিচালিত যাত্রীবাহী গাড়ি।
J5-এর ইলেকট্রিক সংস্করণটি বাংলাদেশে বিক্রি হয় না। তবে বর্তমান পরিস্থিতিতে সেটি প্রায় অপ্রাসঙ্গিক একটি তথ্য।
তবে Chery-র জন্য গত এক মাস বেশ অপ্রীতিকর সময় যাচ্ছে। প্রথমে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল খুলে গেল, এরপর Latin NCAP-এ Tiggo 2 পেল শূন্য স্টার, আর এবার বিচ্ছিন্ন হয়ে গেল Jaecoo J5-এর সামনের চাকা। প্রতিটি ঘটনার পেছনে পরিস্থিতি আলাদা। কিন্তু সবগুলো একসঙ্গে মিলে এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যা কোনো গাড়ি নির্মাতার জন্যই অনুকূল নয়।
বিচ্ছিন্ন ঘটনা বিব্রতকর হতে পারে, কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে একের পর এক ঘটতে থাকলে সাধারণ মানুষের চোখে সেগুলোকে আর নিছক বিচ্ছিন্ন ঘটনা বলে নাও মনে হতে পারে।
বিড়ম্বনা কাটছে না Chery-র। মালয়েশিয়াতে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল খুলে যাওয়ার ঘটনার রেশ না কাটতেই তাদের আরেকটি গাড়ি চাকা হারিয়ে শিরোনাম হয়েছে। মুশকিল হলো, এবার দোষটি দৃশ্যত তাদের নয়।