চোখধাঁধানো R8 Gordini আনল Renault

ছবিঃ Renault

১৯৬০-এর দশকের র‍্যালি ঐতিহ্যে ভরপুর গাড়িকে আধুনিক রূপ দিয়ে নতুন ‘Renault 8 Gordini Concept’ উন্মোচন করেছে ফরাসি গাড়ি নির্মাতা Renault।

Renault-র সাম্প্রতিক রেট্রো-ডিজাইন বিপ্লবের অংশ হিসেবেই গাড়িটির আগমন। এর আগে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে পুনর্জন্ম পাওয়া Twingo, 4, 5 এবং দৃষ্টিনন্দন R17 রেস্টোমোড।

অতীতের নস্টালজিয়াকে সম্বল করে তৈরি সম্পূর্ণ বৈদ্যুতিক এই কনসেপ্ট কারটি প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এক ডিজাইন প্রতিযোগিতার ৩০০টিরও বেশি স্কেচ থেকে বাছাই করে দুটি মডেল তৈরি করা হয়। পরবর্তীতে সেই দুটি মডেলের সেরা বৈশিষ্ট্যগুলোকে এক করে তৈরি হয়েছে এই অনবদ্য সৃষ্টি।

নিচু বডির চওড়া এই দুই আসনবিশিষ্ট কুপে গাড়িটির দৈর্ঘ্য ৪.১২ মিটার, প্রস্থ ১.৮৮ মিটার এবং উচ্চতা মাত্র ১.২৭ মিটার। গাড়িটির সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ২০ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে, যা একে দারুণ আক্রমণাত্মক এক লুক দিয়েছে।

শক্তি জোগাতে এতে রয়েছে একটি ২৭০ হর্সপাওয়ারের বৈদ্যুতিক মোটর, যা পেছনের চাকায় শক্তি পাঠায়। সনাতন কম্বাশন ইঞ্জিনের গর্জন না থাকায় খাঁটি গাড়িপ্রেমীদের মন খারাপ হতেই পারে, তবে Renault আগেই প্রমাণ করেছে যে আকর্ষণীয় রেট্রো আবরণে মুড়ে দিলে ক্রেতারা সানন্দে ব্যাটারিচালিত প্রযুক্তি লুফে নেন। তাছাড়া পেছনের চাকায় শক্তি পাঠানোর এই কৌশলটি মূলত মূল গাড়ির রিয়ার-ইঞ্জিন ও রিয়ার-হুইল-ড্রাইভ ঐতিহ্যের প্রতিই এক যান্ত্রিক সম্মান প্রদর্শন।

বাহ্যিক নকশায় গাড়িটিকে সাজানো হয়েছে ক্লাসিক ‘Bleu de France’ নীল রঙের সাথে ট্রেডমার্ক জোড়া সাদা রেসিং স্ট্রাইপে। শুধু সৌন্দর্যের জন্য নয়, এই সাদা দাগগুলো বাতাস চলাচলের অ্যারোডাইনামিক চ্যানেল হিসেবেও কাজ করে। এছাড়া চারকোনা হুইল আর্চ, শেল-আকৃতির সাইড মিরর, ক্লাসিক ছয়টি লাইটের র‍্যালি ফ্রন্ট ফেস এবং ঐতিহ্যের আদলে তৈরি গ্রিল গাড়িটির ভিন্টেজ আবেদন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এমনকি গাড়ির বডিতে থাকা খাঁজগুলোকে কাজে লাগানো হয়েছে ব্যাটারি ঠান্ডা করার এয়ার ভেন্ট হিসেবে।

আজকালকার অতিমাত্রার বড় বড় বিভ্রান্তিকর টাচস্ক্রিনগুলোকে কেবিনের ভেতরে কোনো জায়গা দেয়নি Renault। এর বদলে ব্রাশড-অ্যালুমিনিয়াম ড্যাশবোর্ডে বসানো হয়েছে ছোট ও গোল ডিজিটাল ডায়াল, যা পুরনো আমলের অ্যানালগ মিটারের কথা মনে করিয়ে দেয়। নীল রঙের কর্ডারয় ও Alcantara কাপড়ে মোড়ানো রেট্রো বাকেট সিট এবং স্টপওয়াচ ধাঁচের লাল স্টার্ট বাটন কেবিনটিকে দিয়েছে এক অনন্য রূপ।

তবে এমন চমৎকার গাড়িটি কেনার জন্য যারা ইতোমধ্যে চেক বই নিয়ে প্রস্তুত হয়ে বসেছেন, তাদের জন্য রয়েছে হতাশার খবর। Renault পরিষ্কার জানিয়ে দিয়েছে, গাড়িটি কেবলই একটি ‘ওয়ান-অফ’ ডিজাইন স্টাডি এবং নিজেদের ঐতিহ্য উদযাপনের প্রদর্শনী। সফল Twingo-র মতো এটিকে বাণিজ্যিকভাবে উৎপাদন করার কোনো ইচ্ছে তাদের নেই।

আগামী ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘2026 Paris Motor Show’-তে গাড়িটি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হবে। এরপর ফরাসি অটোমোবাইল শিল্পের এই অপূর্ব সৃষ্টি আজীবন কোনো প্রদর্শনী বা মিউজিয়ামের শোভাবর্ধন করেই দিন কাটাবে।

Previous
Previous

৮৮৮ হর্সপাওয়ারের ছাদখোলা G-Wagen আনল Brabus

Next
Next

ফরাসি বেশে ফিরল Nissan Pixo