ছবিঃ সংগৃহীত
আগামী এক দশকে মানুষ আদৌ ব্যক্তিগত গাড়ি কিনতে চাইবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন Chery-র আন্তর্জাতিক বিভাগের প্রেসিডেন্ট।
Wuhu-তে CarExpert-সহ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কথা বলার সময় Chery International-এর প্রেসিডেন্ট Zhang Guibing-কে জিজ্ঞেস করা হয়েছিল, ১০ বছর পর অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠানটিকে কোন অবস্থানে দেখতে চান তিনি। উত্তরে তিনি গাড়ি শিল্পের ভবিষ্যৎ নিয়ে আরও মৌলিক একটি প্রশ্ন তুলে ধরেন।
আমরা এখন এই বিষয়টি নিয়ে ভাবছি, এমনকি এক ধরণের পূর্বাভাস দেওয়ারও চেষ্টা করছি যে—আজ থেকে ১০ বছর পর আসলে কতজন মানুষ নিজে গাড়ি কেনার কথা ভাববেন? কারণ রোবোট্যাক্সি প্রযুক্তি এখন অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ,” বলেন Zhang।
“তাই সত্যি বলতে, হয়তো তখন বেশিরভাগ মানুষ আর গাড়ি কিনতে চাইবে না, গাড়ির মালিকও হতে চাইবে না।”
রোবোট্যাক্সি ও স্বচালিত ট্যাক্সি সেবা যেভাবে মানুষের যাতায়াতের ধরন বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে, তাতে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যক্তিগত গাড়ির মালিকানা কমে গেলে নির্মাতাদের আয়ের মডেল নতুন করে ভাবতে হবে । ব্যক্তিগত ক্রেতাদের কাছে গাড়ি বিক্রির পরিবর্তে তারা বড় গাড়ির বহরে সরবরাহ বা নিজেরাই পরিবহনসেবা পরিচালনা করা অথবা ক্ষতি পুষিয়ে নিতে অন্য উপায় খুঁজতে হবে।
বলা বাহুল্য, যারা আর গাড়ি কিনতেই চাইবেনা, তাঁদের কাছে গাড়ি বিক্রি করা বেশ বড় একট সমস্যা।
অবশ্য যেই প্রযুক্তি এই সমস্যার জন্ম দিতে পারে, Chery ইতিমধ্যে তাঁর সঙ্গে জড়িত। ২০২৫ সালের জুলাইয়ে স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান WeRide এবং Jinjiang Taxi-র সঙ্গে মিলে Shanghai-র Pudong এলাকায় রোবোট্যাক্সি সেবা চালু করে Chery। যৌথভাবে তৈরি CER রোবোট্যাক্সিতে WeRide-এর স্বচালিত গাড়ির প্রযুক্তির সঙ্গে Chery-র প্রিমিয়াম ব্র্যান্ড Exeed-এর Sterra ET SUV-এর গাড়ির আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।
গাড়িটি Level 4 স্বচালিত ড্রাইভিংয়ের জন্য তৈরি। অর্থাৎ, নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো চালক ছাড়াই এটি চলতে পারে। ২০২৭ সালে Exlantix নামে অস্ট্রেলিয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা থাকা Exeed, Wuhu-তে Chery-র সম্মেলনে রোবোট্যাক্সিটি প্রদর্শন করতে চায়। বিদেশে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি চালুর জন্য সংযুক্ত আরব আমিরাতের K2-এর সঙ্গেও চুক্তি করার পরিকল্পনা রয়েছে তাদের।
রোবোট্যাক্সি এখন আর শুধু প্রযুক্তির প্রদর্শনীতে সীমাবদ্ধ নেই। ২০ অক্টোবর Waymo জানিয়েছে, তাদের গাড়িগুলো ২ কোটিরও বেশি যাত্রা সম্পন্ন করেছে এবং প্রতি সপ্তাহে কয়েক লাখ বাণিজ্যিক রাইড দিচ্ছে। ২০২৭ সালে প্রথম যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে Madrid-এ সেবা সম্প্রসারণের প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
আগস্টে Baidu জানিয়েছে, তাদের স্বচালিত গাড়ির কার্যক্রমে মোট ৩৫ কোটিরও বেশি কিলোমিটার পথ পাড়ি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ কোটিরও বেশি কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে সম্পূর্ণ চালকবিহীন অবস্থায়। তবে এই পরিসংখ্যান মোট অতিক্রান্ত দূরত্বের হিসাব, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের সংখ্যা নয়।
Tesla-র Robotaxi কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় ২০ লাখ মাইল চালকবিহীনভাবে অতিক্রম করেছে, যা প্রায় ৩২ লাখ কিলোমিটারের সমান। তাদের Cybercab ৩ সেপ্টেম্বর Austin-এ যাত্রী পরিবহন শুরু করে।
Goldman Sachs Research-এর পূর্বাভাস অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক রোবোট্যাক্সির বহর ২০২৫ সালের প্রায় ৭,০০০ গাড়ি থেকে বেড়ে ২০৩০ সালে প্রায় ১০ লাখ এবং ২০৩৫ সালে ৬০ লাখে পৌঁছাতে পারে।
তবে বলে রাখা ভালো, সংখ্যাগুলো বিশাল হলেও এর অর্থ এই নয় যে ব্যক্তিগত গাড়ির অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে।
২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত এক বিশ্লেষণে Goldman Sachs বলেন, আগামী দশকে ব্যক্তিগত গাড়ির মালিকানা নাটকীয়ভাবে কমে যাওয়ার আশঙ্কা অতিরঞ্জিত। তাদের মূল পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট গাড়ি বহরের আকারে এর প্রভাব সীমিত থাকবে। স্বচালিত গাড়ির হার্ডওয়্যারের খরচ কমে এলে ব্যক্তিগত ক্রেতাদের জন্যও এই প্রযুক্তির গাড়ি আরও সাশ্রয়ী হতে পারে। ফলে কেবল মালিকানা ছাড়াই নয়, ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও মানুষ স্বচালিত প্রযুক্তির সুবিধা পেতে পারে।
তবে Goldman Sachs একটি চরম পরিস্থিতিও কল্পনা করেছে, যেখানে সব ধরনের যাতায়াত যৌথভাবে ব্যবহৃত স্বচালিত গাড়ির মাধ্যমে হবে। যদি এই কাল্পনিক পরিবর্তনটি সত্যিই ঘটে, তবে যুক্তরাষ্ট্রে বছরে নতুন গাড়ি বিক্রির সংখ্যা কমে ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখে নেমে আসতে পারে; যেখানে দেশটিতে গাড়ি বিক্রির ঐতিহাসিক বার্ষিক গড় প্রায় ১ কোটি ৬০ লাখ। এটি Goldman Sachs-এর মূল পূর্বাভাস নয়। তবে মানুষ নিজের জন্য গাড়ি কেনা বন্ধ করলে শিল্পটি কতটা বদলে যেতে পারে, তার নমুনা।
তারপরও ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির সংখ্যা কমলেই বছরে গাড়ি বিক্রিও একই অনুপাতে কমবে, এমন নয়। একটি রোবোট্যাক্সি ব্যক্তিমালিকানাধীন গাড়ির তুলনায় গড়ে বেশি যাত্রী বহন করে বেশি দূরত্ব অতিক্রম করবে। এতে বৃদ্ধি হবে গাড়ির ক্ষয় এবং প্রয়োজন হবে দ্রুত প্রতিস্থাপনের। ব্যক্তিগত ক্রেতারা কম গাড়ি কিনলেও গাড়ির বহর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নতুন গাড়ি কিনতে হবে।
McKinsey ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত এক বিস্তৃত পরিবহন পূর্বাভাসে বলেছিল, ২০৩৫ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি ২০১৫ সালের তুলনায় ৩০ শতাংশ কম হতে পারে। ইউরোপে কমতে পারে প্রায় ২০ শতাংশ। তবে এই পূর্বাভাসে সাড়ে ৩ টনের কম ওজনের হালকা যানবাহন বিবেচনা করা হয়েছিল। পাশাপাশি স্বচালিত প্রযুক্তির সঙ্গে গণপরিবহন, হাঁটা, সাইকেল চালানো, পরিবহননীতি এবং অন্যান্য যাতায়াতসেবার প্রভাবও হিসাব করা হয়েছিল। তাই সম্ভাব্য বিক্রির পতনের দায় শুধু রোবোট্যাক্সির ওপর চাপানো যাবে না।
McKinsey আরও ধারণা করেছিল, ২০৩৫ সালেও গ্রামীণ আমেরিকায় যাত্রী পরিবহনের মোট দূরত্বের ৮০ শতাংশের বেশি ব্যক্তিগত গাড়ির মাধ্যমে অতিক্রম করা হবে। জনবসতি কম এমন এলাকায় যৌথ পরিবহনসেবা লাভজনকভাবে পরিচালনা করা কঠিন। সেখানে দূরত্ব বেশি এবং যাত্রীর চাহিদা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ফলে Shanghai-র ঘনবসতিপূর্ণ কেন্দ্রে রোবোট্যাক্সি চালানোর অর্থনীতি আর জনমানবহীন কোনো প্রত্যন্ত অঞ্চলে একইভাবে কাজ নাও করতে পারে।
শিল্পের কেউ কেউ আগে যে গতিতে চালকবিহীন ট্যাক্সি ছড়িয়ে পড়বে বলে আশা করেছিলেন, বাস্তবে তা ঘটেনি। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় McKinsey জানিয়েছে, বিশ্বজুড়ে বড় পরিসরে রোবোট্যাক্সি চালুর প্রত্যাশিত সময় ২০২৯ সাল থেকে পিছিয়ে ২০৩০ নেওয়া হয়েছে। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে শিল্পসংশ্লিষ্ট ৯১ জন সিদ্ধান্ত গ্রহণকারীর ওপর চালানো এক জরিপের ভিত্তিতে।
তবে Zhang-এর উদ্বেগ অমূলক নয়। প্রয়োজনের সময় যদি চালকবিহীন গাড়ি ডেকে নেওয়া যায়, তাহলে ব্যক্তিগত গাড়ি কেনা, বিমা করা, রক্ষণাবেক্ষণ এবং পার্কিংয়ের খরচ বহন করা কম আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে যানজট ভরা শহরগুলোতে। তবে এই পরিবর্তনের গতি নির্ভর করবে খরচ, নির্ভরযোগ্যতা, সরকারি বিধিনিষেধ এবং ঘনবসতিপূর্ণ শহরের বাইরেও এসব সেবা কার্যকরভাবে পরিচালনা করা যায় কি না, তার ওপর।
আপাতত Chery গাড়ি বিক্রি চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, যখন হয়তো কম মানুষ গাড়ি কিনতে চাইবে। বিষয়টি পরস্পরবিরোধী মনে হলেও ভবিষ্যতের ঝুঁকি সামলানোর জন্য এটি বাস্তবসম্মত পদক্ষেপ। বড় প্রশ্ন হলো, গাড়ির মালিকানা যদি স্বাভাবিক নিয়মের বদলে ব্যতিক্রম হয়ে দাঁড়ায়, তাহলে নির্মাতারা কি সময়মতো নিজেদের ব্যবসার ধরন বদলাতে পারবে?
Malaysia-তে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল বিছিন্ন হওয়ার বিতর্ক সামাল না দিতেই Chery-র সামনে হাজির হয়েছে আরেকটি নিরাপত্তা সংকট।