গাড়িপ্রেমিদের পরিভাষা: অদ্ভুত শব্দের সহজ গাইড

ছবিঃ সংগৃহীত

গাড়িপ্রেমীরা একটু অদ্ভুত ধাঁচের মানুষ। সাধারণ মানুষের কাছে মনে হতে পারে তারা বুঝি গোপন "কোডে" কথা বলছে। গাড়ি নিয়ে আলোচনায় তারা এমন সব পরিচিত শব্দ ব্যবহার করে যার অর্থ প্রচলিত অর্থের ধারেকাছেও নেই।

আজকের লেখায় আমাদের সেই গোপন কোডবুকের একটি ঝলক তুলে ধরছি, যাতে আপনিও আমাদের কথাবার্তার কিছু অংশ বুঝতে পারেন।

Dorito

সাধারণ মানুষ: এক ধরনের টরটিলা চিপস।

গাড়িপ্রেমী: ডিগ্রিহীন এক জার্মান প্রকৌশলীর তৈরি ত্রিভুজাকৃতিক পিস্টনহীন ইঞ্জিন, যা অত্যন্ত উচ্চ গতিতে ঘুরতে পারে এবং আকারের তুলনায় প্রচুর শক্তি উৎপন্ন করে। অন্যদিকে, ছোট এই ইঞ্জিনগুলি বাড়াবাড়ি রকম তেল ও গ‍্যাস পোড়াতে অত্যন্ত পারদর্শী এবং যেকোনো সময় নষ্টও হয়ে যেতে পারে। যে কোন RX-7 চালককে জিজ্ঞেস করলেই সে এই ইঞ্জিন মেরামতের দুঃস্বপ্ন নিয়ে বিশদ রচনা লিখে দেবে।

N/A

সাধারণ মানুষ: গাড়িপ্রেমীদের ব্যাংক ব্যালেন্স (Not Available)।

গাড়িপ্রেমী: Naturally Aspirated। যে সকল গাড়ির ইঞ্জিন স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে নিতে পারে তাদেরকে এই নামে অবহিত করা হয়। অর্থাৎ এর সিলিন্ডারে সুপারচার্জার বা টার্বোচার্জার ব্যবহার করে অতিরিক্ত শক্তি উৎপন্নের লক্ষ্যে জোরপূর্বক বাতাস ঢোকানো হয় না।

ICE

সাধারণ মানুষ: বরফ।

গাড়িপ্রেমী: Internal Combustion Engines বা জ্বালানি চালিত ইঞ্জিন।

দেশের রাস্তার প্রায় ৯০ ভাগ গাড়ি এই ধরনের ইঞ্জিন ব্যবহার করে।

STI

সাধারণ মানুষ: যৌনবাহিত সংক্রমণ (Sexually Transmitted Infection)।

গাড়িপ্রেমী: Subaru Tecnica International। বা Subaru-র মোটরস্পোর্টস বিভাগ। এই বিভাগের তৈরি গাড়িগুলি রাস্তার তোয়াক্কা করে না। কাদা, বালি, মাটি পথে যাই থাকুক না কেন, সবকিছু কামড়ে উল্কার গতিতে ছুটতে পারে।

LSD

সাধারণ মানুষ: মাদকদ্রব্য।

গাড়িপ্রেমী: Limited Slip Differential। গাড়ি পিছনের দুই চাকার মাঝখানে বসানো একগুচ্ছ গিয়ার যা গাড়ির পেছনের চাকা দুটিকে একই গতিতে ঘোরাতে সাহায্য করে। দ্রুতগতির বাঁকগুলোতে এটি পিছনের চাকার মাটি আটকে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়া রোধ করে।

Cats

সাধারণ মানুষ: বিড়াল।

গাড়িপ্রেমী: Catalytic converters। এটি এক ধরনের ধাতব পরিষ্কারক যা গাড়ির ইঞ্জিনের দূষিত নির্গমন বাতাস খানিকটা পরিষ্কার করার জন্য একজস্স্টের মাঝখানে বসানো হয়।

Deep dish

সাধারণ মানুষ: এক ধরনের পিৎজা।

গাড়িপ্রেমী: এমন এক রিম যার স্পোকগুলো রিমের অনেক গভীরে বসানো হয়। সাধারণত চওড়া টায়ার ফিট করার জন্য এটি তৈরি করা হয়।

Boxer

সাধারণ মানুষ: বক্সিং খেলোয়ার।

গাড়িপ্রেমী: এমন একটি ইঞ্জিন যেখানে সিলিন্ডারগুলো মাটির সমান্তরালে পরস্পরের বিপরীতে অবস্থান করে। এই বিশেষ ডিজাইনের কারণে গাড়ির ভরকেন্দ্র মাটির অনেক কাছাকাছি (Lower center of gravity) থাকে এবং পিস্টনগুলোর পাশাপাশি নড়াচড়ার কারনে ইঞ্জিনের বেশিরভাগ কাঁপুনি বা ভাইব্রেশন নিজেই কমে যায়। তবে অন্যান্য ইঞ্জিনের তুলনায় এর গঠন বেশ জটিল হয়ে থাকে।

Murdered out

সাধারণ মানুষ: হত‍্যাকান্ডের শিকার।

গাড়িপ্রেমী: এটি গাড়ির বাহ‍্যিক রূপান্তরের একটি প্রশ্নসাপেক্ষ স্টাইল। যখন একটি গাড়ির বডি, চাকা, গ্লাস, লোগো এবং লাইটসহ প্রতিটি অংশ সম্পূর্ণ কুচকুচে কালো রঙ বা ডার্ক টিন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়, তখন তাকে "Murdered out" বা "Blacked out" লুক বলা হয়। অনেকে এই লুকটিকে অত্যন্ত আকর্ষণীয় মনে করলেও, রাতে হেডলাইট বা গ্লাসের ভিজিবিলিটি কমে যাওয়ার কারণে এর ব্যবহারযোগ্যতা ও আইনি বৈধতা নিয়ে প্রায়ই বিতর্ক থাকে।

Sleeper

সাধারণ মানুষ: ছুটির দিনে অধিকাংশ মানুষ।

গাড়িপ্রেমী: সাধারণ চেহারার একটি গাড়ি, যার ভিতরের কলকব্জা ব্যাপকভাবে টিউন বা কারিগরি করে অতিরিক্ত শক্তিশালী করা হয়েছে। অর্থাৎ গাড়িটি বাহিরে থেকে নিরীহ দেখালেও, যে কোন মুহূর্তে চোখ ধাঁধানো গতি তুলতে সক্ষম।

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Next
Next

Super Tuner 9.0: এক বছর পর