র‍্যালি, বৃষ্টি, কফিঃ BYD Seal 5 চালকদের মিলনমেলা

ছবিঃ ইমরান আবিদ

BYD Seal 5-এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িটির মালিকদের এক সুতোয় বাঁধার উদ্যোগ নিয়েছে BYD Bangladesh। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৩১ অক্টোবর আয়োজন করা হয় ব্র্যান্ডটির প্রথম Owners’ Club Drive।

আয়োজনটির নাম ছিল “BYD Seal 5 Owners’ Meet-Up: Beyond the Drive”।

উদ্দেশ্য ছিল বেশ সহজ। একসঙ্গে কিছুটা পথ গাড়ি চালানো, কফি পান, আড্ডা আর গল্পগুজবের মধ্য দিয়ে Seal 5-এর ক্রমবর্ধমান মালিকগোষ্ঠীকে দৈনন্দিন যাতায়াতের চেনা গণ্ডির বাইরে এনে, নিজেদের মধ্যে পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেওয়া।

সকাল ৯টায় ঢাকার ICCB-এর সামনে জড়ো হতে শুরু করেন মালিকেরা। দেখতে দেখতে হাজির হয় এক ডজনেরও বেশি Seal 5। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল একটি লাল রঙের র‍্যাপ ও বডি কিট লাগানো গাড়ি।

সকাল ১০টায় শুরু হয় গাড়ির বহরের যাত্রা। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ধরে সংক্ষিপ্ত একটি ড্রাইভের আয়োজন করা হয়। বেশিরভাগ গাড়ির রং ছিল কালো। তাছাড়া একটি ছিল ধুসর, একটি লাল, আর একটিমাত্র সাদা। । একই রঙের এতগুলো Seal 5 একসঙ্গে চলতে বেশ পরিপাটি দেখালেও, গাড়িটির রঙের বৈচিত্র্য যে আরও বাড়ানো দরকার, সেটিও ছিল স্পষ্ট।

ড্রাইভ শেষে সবাই চলে যান Chef’s Table-এ। সেখানে BYD-র একটি Experience Centre-এর সামনে সবাই পার্ক করে। Centre-টির সামনে প্রদর্শনীতে ছিল একটি Sealion 6 এবং ভেতরে দেখা ও কেনার জন্য রাখা হয়েছিল বিভিন্ন মডেলের ছোট সংস্করণ। সেই সংগ্রহে ছিল U9 ইলেকট্রিক হাইপারকারের ক্ষুদ্র সংস্করণ এবং Yangwang-এর কয়েকটি SUV।

তবে এই প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল BYD Flash Charger-এর একটি ডায়োরামা। BYD-এর দাবি, পূর্ণ আকারের এই চার্জার দিয়ে মাত্র আট মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। চার্জারটির সেই ক্ষুদ্র প্রতিরূপটিই টেবিলের সবচেয়ে নজরকাড়া প্রদর্শনী হয়ে উঠেছিল।

একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব শেষে পরিবেশন করা হয় সকালের নাশতা। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামলে ভেজা পরিবেশে গাড়িগুলোর ছবি তোলার সুযোগ পান আলোকচিত্রীরা। বৃষ্টির মাঝে ফটোসেশন শেষে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে এই আয়োজনের।

প্রথমবারের মতো আয়োজিত এই গাড়ি মালিকদের মিলনমেলাটি ছিল বেশ সহজ-সরল। এতে কোনো দীর্ঘ রোড ট্রিপ কিংবা জটিল কর্মসূচির আনুষ্ঠানিকতা ছিল না। BYD মূলত Seal 5-এর ক্রমবর্ধমান গ্রাহকদের একই ছাদের নিচে জড়ো হওয়ার একটি সুযোগ করে দিয়েছিল, যেখানে তাঁরা প্রাণখুলে নিজেদের গাড়ি নিয়ে কথা বলার, অভিজ্ঞতা বিনিময়ের এবং একসঙ্গে কিছুটা দারুণ সময় কাটানোর সুযোগ পেয়েছেন।

SEAL 5 সম্পর্কে আরও জানতে চাইলে, কিছুদিন আগেই আমরা গাড়িটি নিয়ে একটি টেস্ট ড্রাইভ করেছিলাম। প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন, আর ভিডিওটি দেখতে নিচের লিংকে যান।

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Next
Next

‘৮৪ Jeep Cherokee “চরকি”: এক পাঁচমিশালি জীবন সঙ্গী