ফিরে এল Fiat-এর বিদঘুটে Multipla 

ছবিঃ Fiat

Fiat Multipla-র কথা মনে আছে? অদ্ভুতদর্শন কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যবহারিক এই ইতালীয় পারিবারিক গাড়িটিকে দেখে মনে হতো, ডিজাইনার যেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে তর্কে হেরে গিয়ে গাড়িটির নকশা করেছেন! সেই গাড়িটি ফিরছে।

Citroën যখন 2CV ফিরিয়ে আনছে, Peugeot আবার RCZ-র মত নতুন কিছু আনার ইঙ্গিত দিচ্ছে এবং Alpine নতুন রূপে A310-কল্পনা করছে, তখন Fiat, কোন এক দুর্বোধ্য কারণে সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের ঐতিহ্য উদ্‌যাপনের সবচেয়ে সেরা উপায় হলো সেই বদখত গাড়িটি  নতুন রূপে ফিরিয়ে আনা। তবে নতুন এই গাড়িটি শুধু একটি গাড়ি হবে না, এটি হবে একের ভেতর তিন।

২০২৬ সালের Paris Motor Show শুরুর আগের দিন উন্মোচন করা Fiat Multiplay কনসেপ্টটি একই সাথে একটি কমপ্যাক্ট মিনিভ্যান, SUV এবং পিকআপ ট্রাক। ৪.৪৫ মিটার (১৭৫.২ ইঞ্চি) দৈর্ঘ্যের গাড়িটি প্রতিদিনের পারিবারিক বাহনের দায়িত্ব পালনের পাশাপাশি ছুটির দিনের রোমাঞ্চকর ভ্রমণের সঙ্গী হতে নিজের রূপ দদলে নিতে পারবে অনায়াসে।  

এর নেপথ্যে আছে Fiat-এর “Metamorfosi” স্থাপত্য, যেখানে পেছনের একটি স্লাইডিং মডিউল সরিয়ে গাড়ির চেহারা ও ব্যবহারিকতা নিমিষেই বদলে ফেলা যায়। পারিবারিক মোডে Multiplay-তে সাতজনের বসার ব্যবস্থা রয়েছে। কিন্তু পেছনের অংশটি নির্দিষ্ট স্লাইড ব্যাবহার করে সরিয়ে নিলেই এটি চার আসনের গাড়িতে পরিণত হয়, আর আগের বসার সরিটা বদলে যায়  একটি পিকআপ বেড বা খোলা মালপত্র বহনের স্থানে। সেখানে বড়সড় জিনিসপত্র, খেলাধুলার সরঞ্জাম কিংবা সাইকেল রাখা যাবে। 

তবে শুধু পেছনের অংশটাই রূপান্তরিত হয় না। এরপর আছে ছাদের শেষ প্রান্তের স্পয়লারটি। পিকআপ মোডে এটি ঘুরিয়ে দুটি সাইকেল বহনের উপযোগী বাইক র‍্যাকে পরিণত করা যায়। ধারণাটি পরিকল্পনামতো কাজ করলে শুক্রবার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া এবং শনিবার খেলাধুলার সরঞ্জাম নিয়ে বের হওয়ার জন্য আলাদা গাড়ির প্রয়োজন হবে না।

বাহ‍্যির নকশার দিক থেকে Multiplay তার Multipla নামের উত্তরসূরীর মতই “সাহসী”। পুরো গাড়িটি রাঙ্গানো হয়েছে তরমুজের খোসা থেকে অনুপ্রাণিত উজ্জ্বল সবুজ রং দিয়ে। কেবিনে যুক্ত করা হয়েছে লাল ও গোলাপি রঙের প্রাণবন্ত ছোঁয়া। বড় জানালা ও প্যানোরামিক ছাদ ভেতরে প্রচুর প্রাকৃতিক আলো প্রবেশ করতে দেয়। কেবিনের সামনের চওড়া ড্যাশবোর্ডে রয়েছে একটি ডিসপ্লে, যা গাড়ি বন্ধ করলে অদৃশ্য হয়ে যায়। এছাড়া এর আসন ও অন্যান্য অংশে ব্যবহার করা হয়েছে সেলাইবিহীন, 3D-নিটেড কাপড়, যা সম্পূর্ণ একটি মাত্র উপাদান (Mono-material) দিয়ে তৈরি। মূলত উৎপাদনের সময় বাড়তি বর্জ্য বা স্ক্র্যাপের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখতেই এমন পরিবেশবান্ধব প্রযুক্তি বেছে নেওয়া হয়েছে।

তবে এই কভারগুলিই আসনের একমাত্র বৈচিত্রময় বৈশিষ্ট্য নয়। Fiat গাড়িটিতে যুক্ত করেছে “Petsenger” আসন।এই বহুমুখী মডিউলার আসনটি একাধারে চাইল্ড সিট এবং পোষা প্রাণীদের আরামদায়ক বসার জায়গা হিসেবে কাজ করে; আবার প্রয়োজনভেদে একে ছোট টেবিল বা স্টোরেজেও রূপ দেওয়া যায়। পোষা প্রাণীদের নিয়ে ভ্রমণের খুঁটিনাটি সব বিষয় মাথায় রেখেছে Fiat। সিটের কুশনের একটি অংশ আলাদা করে লিশ বা বেঁধে রাখার বেল্ট হিসেবে ব্যবহার করা সম্ভব। এছাড়া দরজার একটি খোপে রয়েছে ভাঁজ করে রাখা বাটি, আর ইলাস্টিক ফিতাযুক্ত পকেটে পোষা প্রাণীর সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা যাবে।

পেছনের তৃতীয় সারিতে দুজন শিশু অথবা একজন প্রাপ্তবয়স্ক বসতে পারবেন। সামনের যাত্রীর বসার জন্য Fiat ব্যবহার করেছে “Sunseat” নামের আসন। গাড়ি পার্ক করা অবস্থায় আসনটি পেছনের দিকে ঘুরিয়ে এবং ড্যাশবোর্ডকে পিঠ রাখার অবলম্বন হিসেবে ব্যবহার করে তৈরি করা যায় আরামকেদারার মতো লম্বা একটি বিশ্রামের জায়গা। 

বলে রাখা ভালো, এতসব অভিনব প্রদর্শনীর মাঝে গাড়িটি কিভাবে চলবে তা নিয়ে Fiat কোন আওয়াজ তোলেনি। ইঞ্জিন বা পাওয়ারট্রেনের স্পেসিফিকেশন, ব্যাটারির ধারণক্ষমতা, পারফরম্যান্সের পরিসংখ্যান কিংবা অন্য কোনো কারিগরি তথ্য প্রকাশ করেনি। গাড়িটির ওজন, কাঠামোগত দৃঢ়তা, নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব এবং পারিবারিক মোডে কতটা মালপত্র রাখা যাবে, সেসবও অজানা।

কারণটা যদিও স্পষ্ট। Fiat জানিয়েছে, এটি কোন উৎপাদন মডেলের পূর্বাভাস নয়, বরং এটি ভবিষ্যতের মডেলগুলোর নকশায় প্রভাব ফেলতে পারে এমন সব ধারণা যাচাইয়ের একটি পরীক্ষাগার। অর্থাৎ এই গাড়িটি উৎপাদনের নেবার তাদের কোন পরিকল্পনা নেই। 

তবু Multipla নামটির রয়েছে দীর্ঘ ইতিহাস। যখন গাড়িটি প্রথম বাজারে এসেছিল তার চেহারা নিয়ে ব্যাপক বিদ্রূপ আর হাসি ঠাট্টা করা হয়েছিল।  কিন্তু এর খাপছাড়া আকৃতির পেছনে ছিল প্রশস্ত ও অত‍্যন্ত কাজের একটি কেবিন যার বাস্তবমুখিতা অনেক মানুষের মন জয় করে নিয়েছিল। 

Fiat যদি কখনো Multiplay গাড়িটি বাজারে আনে, তবে হয়তো আগের মতোই অনেকে এর বাহ্যিক রূপকে উপেক্ষা করে কেবল প্রকৃত বহুমুখী ব্যবহারের সুবিধার জন্যই এটি কিনতে আগ্রহী হবেন। আর Multipla-র সাবেক মালিকদের কেউ কেউ আবারও আরেকটি ইতালীয় অদ্ভুত গাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে সানন্দেই তা লুফে নেবেন।

Previous
Previous

Porsche Mission S: জ্বালানী ইঞ্জিনের প্রত্যাবর্তন

Next
Next

লুকানো হ্যান্ডেল নিষিদ্ধ করছে চিন